অতিরিক্ত গ্যাস্ট্রিকের ওষুধ সেবনে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
তিনি বলেন, মুড়ি-মুড়কি মতো গ্যাস্ট্রিকের ওষুধ সেবনে অন্যান্য রোগ সৃষ্টি হচ্ছে। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে।
শনিবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের শিশু গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে বিশ্ব ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ (আইবিডি) দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএসএমএমইউ উপাচার্য বলেন, এসিডিটি নেই এমন মানুষ খুব কম আছে। শতকরা ৯৯ শতাংশ রোগীর মধ্যে এসিডিটি রয়েছে। বর্তমানে মানুষ মুড়ি-মুড়কির মতো গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছে। যেন এতে মানুষের এসিড কমে যাচ্ছে। তবে এ রোগ সেরে গেলেও অন্য রোগের সৃষ্টি হয়। বর্তমানে মানুষের খাওয়া-দাওয়া আর আগের মতো নেই। আমাদের অবশ্যই স্বাভাবিক জীবনে ফিরে যেতে হবে।
আইডিবির বিষয়ে সতর্ক করে তিনি বলেন,আইবিডি রোগ শুধু তরুণ বা মধ্য বয়সে নয়, শিশুদেরও হতে পারে। সে কারণে এ রোগের বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির প্রয়োজন। এ ক্ষেত্রে গণমাধ্যম প্রধান ভূমিকা রাখতে পারে। সচেতনতার জন্য এসব সভা সেমিনারের তথ্য প্রচার করলে সাধারণ মানুষ উপকৃত হবেন।
এই রোগ নিরাময়যোগ্য না হলেও চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা যায় বলে জানান অধ্যাপক শারফুদ্দিন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডিন মোহাম্মদ হোসেন, শিশু গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. রোকুনুজ্জামান প্রমুখ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
