নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বহিস্কৃত নেতা সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
রবিবার (২৩ ডিসেম্বর) সকালে তিনি এ ঘোষণা দেন। লতিফ সিদ্দিকীর ভাতিজা ঝিন্টু সিদ্দিকী এ তথ্যটি জানিয়েছেন।
ঝিন্টু সিদ্দিকী বলেন, সকালে আব্দুল লতিফ সিদ্দিকী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে দেখা করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তবে কোন কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এব্যাপারে স্পষ্ট করে কিছুই জানা যায়নি।
গত রবিবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের সড়াতৈল এলাকায় নির্বাচনি প্রচারণার সময় আব্দুল লতিফ সিদ্দিকীর কর্মী সমর্থকদের ওপর হামলা ও চারটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
এ ঘটনায় তিনি কালিহাতী থানার ওসির প্রত্যাহারসহ তিন দফা দাবিতে জেলা রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে কর্মী-সমর্থকদের নিয়ে ওইদিন দুপুর থেকে অবস্থান ধর্মঘট পালন করছিলেন।
পরে গত বুধবার (১৯ ডিসেম্বর) অবস্থান ধর্মঘটের চতুর্থ দিনে আব্দুল লতিফ সিদ্দিকী অসুস্থ্য হয়ে পড়লে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে।
