Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

অস্ত্রের ভয় দেখিয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

নিউজ ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রামে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার গুণবতী ইউনিয়নের নারায়ণপুর গ্রামে গত শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল রোববার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করার পর অভিযুক্ত মুসাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার মুসা গুণবতী ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আবদুল খালেকের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ওই ছাত্রীর বাবা দীর্ঘদিন ধরে গুণবতী ইউনিয়নের দশবাহা গ্রামে ডাক্তার নাছিরের বাড়িতে ভাড়া থেকে দিনমজুরের কাজ করেন। একই এলাকার মুসা ওই ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করত এবং খারাপ প্রস্তাব দিত। গত শনিবার সন্ধ্যায় ডাক্তার নাছিরের স্ত্রী হাছিনা বেগম ওই ছাত্রীকে কবিরাজের বাড়িতে যাওয়ার কথা বলে ডেকে নিয়ে যান। পরবর্তীতে তিনি কৌশলে নারায়ণপুর গ্রামের পরিত্যক্ত খাদ্য গোডাউনের পাশে গিয়ে মুসাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে লুকিয়ে থাকেন। তখন মুসা এসে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে মুসা পালিয়ে যায়।

চৌদ্দগ্রাম থানা পুলিশের সেকেন্ড অফিসার নাসির উদ্দিন জানান, ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়েরের কিছুক্ষণের মধ্যেই প্রধান আসামি মুসাকে গ্রেফতার করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version