টাঙ্গাইল প্রতিনিধি : জেলা পরিষদ, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইতোপূর্বে আ’লীগের যেসব নেতা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদেরকে দলীয় গুরুত্বপূর্ণ কোন পদে না রাখার সিদ্ধান্ত নিয়েছে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ। এছাড়া আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ পদের প্রার্থীদের অতীত (ব্যাকগ্রাউন্ড) ও বংশের রাজনৈতিক অবস্থান বিবেচনার সুপারিশও করেছে এ দলটি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী(মুজিব বর্ষ) উদযাপনের প্রস্তুতির অংশ হিসেবে বুধবার দুপুরে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা।
বর্ধিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি, আলহাজ মো. একাব্বর হোসেন এমপি, আলহাজ মো. ছানোয়ার হোসেন এমপি, তানভীর হাসান ছোট মনির এমপি, আতাউর রহমান খান এমপি, আহসানুল ইসলাম টিটু এমপি, হাছান ইমাম খান সোহেল হাজারি এমপি, সংরক্ষিত মহিলা আসনের এমপি মমতা হেনা লাভলী প্রমুখ।
বর্ধিত সভায় আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক অংশ নেয়ার কথা থাকলেও সরকারি কাজে ব্যস্ত থাকায় তিনি অংশ নিতে পারেন নি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
