চিত্রনায়িকা পরীমনিকে নিয়ে মাস খানেক ধরে নানা সমালোচনা-বিতর্ক। খোদ এফডিসির অন্দরেই তার প্রচুর সমালোচক। তাতে কী? সমালোচকদের কাজ তারা করেছেন, পরীমনি করবেন তার কাজ। তাই তো, সব ভুলে এবারের ঈদেও এফডিসিতে গরু কোরবানি করার সিদ্ধান্ত নিয়েছেন নায়িকা।
গণমাধ্যমকে এ তথ্য পরীমনি নিজেই জানিয়েছেন। প্রতি বছর তিনি এফডিসিতে একাধিক গরু কোরবানি করেন। সেই মাংস এফডিসিতে কর্মরত নিম্ন আয়ের মানুষের মধ্যে ভাগ করেন দেন। কিন্তু এবার কয়টি গরু কোরবানি করবেন অভিনেত্রী?
জানা গেছে, আসন্ন ঈদে ছয়টি গরু কোরবানি করবেন পরীমনি। যা বিগত কয়েক বছরের তুলনায় সর্বোচ্চ। পাঁচ বছর ধরে এফডিসিতে গরু কোরবানি করে আসছেন এই নায়িকা।
এ বিষয়ে পরীমনি বলেন, ‘প্রতি বছরই আমি সবার সঙ্গে ঈদ আনন্দ উদযাপনের চেষ্টা করি। এবারও সেই পরিকল্পনা নিয়েছি। করোনা পরিস্থিতিতে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিল্পী ও কলাকুশলীদের কথা মাথায় রেখে এবার এফডিসিতে ছয়টি গরু কোরবানি দেব।’
অভিনেত্রী আরও বলেন, ‘আমার ইচ্ছা প্রতি বছর একটি করে গরু বাড়াবো ইনশাআল্লাহ। এফডিসিকে আমি আমার দ্বিতীয় পরিবার মনে করি। তাই যতদিন বেঁচে থাকবো, ততদিন এফডিসিতে কোরবানি দেবো।’
২০১৬ সাল থেকে এফডিসিতে কোরবানি দেয়া শুরু করেন পরীমনি। প্রথম বছর একটি গরু কোরবানি দিলেও ২০১৭ সালে দুটি, ২০১৮ সালে তিনটি, ২০১৯ সালে চারটি এবং সর্বশেষ করোনা মহামারির মধ্যে ২০২০ সালে পাঁচটি গরু কোরবানি করেন।

