Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ইউপি নির্বাচন: টাঙ্গাইলে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৫

নিউজ ডেস্ক: টাঙ্গাইলের গোপালপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গোপালপুর থানার ওসি মোশারফ হোসেন জানিয়েছেন, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হেমনগর ইউনিয়নের হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে আওয়ামী লীগ প্রার্থী আনিসুর রহমান তালুকদার হীরা ও বিএনপির সমর্থিত স্বতন্ত্র প্রার্থী গোলাম রোজের সমর্থকরা প্রাথমিক বিদ্যালয়ের সামনে জড়ো হতে থাকেন।

এ সময় উভয় পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচ জন আহত হয়েছেন।

ওসি মোশারফ হোসেন বলেন, “কেন্দ্রে এজেন্ট দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থিত প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

পরে যথা সময়ে ভোট গ্রহণ শুরু হয়েছে বলে জানান তিনি।

উপজেলার হেমনগর ও ঝাউয়াইল ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ চলছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ছাড়া সাধারণ সদস্য পদে ৭৮ জন এবং সংরক্ষিত পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে মোট ভোটার ৫৮ হাজার ৬৮৪ জন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version