Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ইয়েমেনের মারিব প্রদেশ দখলের চেষ্টা করছে হুথিরা

ইয়েমেনের মধ্যাঞ্চলের তেলসমৃদ্ধ মারিব প্রদেশ দখলের চেষ্টা করছে হুথি বিদ্রোহীরা। এ লক্ষ্যে তারা আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সেখানে বিশাল হামলা চালিয়েছে। তবে ইয়েমেনের সরকারি বাহিনী এ হামলা প্রতিহত করেছে বলে দাবি করা হয়েছে।

সরকার সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ওয়েস্ট কোস্টে বলা হয়েছে, সরকারি বাহিনী মারিবের পশ্চিমাঞ্চলের আল-মাসজাহ এবং আল-জউর এলাকায় হুথিদের হামলা ঠেকিয়ে দিয়েছে।

তবে এর বেশি আর কোনো তথ্য সংবাদমাধ্যমটি জানায়নি। এ হামলা নিয়ে ইয়েমেনের সরকার ও হুথি বিদ্রোহীরাও আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

ইয়েমেনের সামরিক বাহিনীর সঙ্গে হুথিদের বিভিন্ন ফ্রন্টে লড়াই হচ্ছে। যারমধ্যে আছে মারিব, আল-জউফ, তাইজ, আল-ধালে এবং আল-বায়দা প্রদেশ।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, মারিবের সীমান্তে হুথি বিদ্রোহীদের একাধিক সেনাকে হত্যা ও আটক করা হয়েছে।

ইয়েমেনে ২০১৪ সাল থেকে গৃহযুদ্ধ চলছে। ওই বছর সরকার বিরোধী আন্দোলন থেকে গৃহযুদ্ধ শুরু হয়। এরপর ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা রাজধানী সানাসহ দেশের প্রায় অর্ধেক অংশ দখল করে ফেলে। অপরদিকে সৌদি সমর্থিত সরকারের নিয়ন্ত্রণে থাকে বাকি অংশ। এরমধ্যে গত সপ্তাহে বন্দরনগরী মোখা দখলের জন্য অভিযান শুরু করে হুথিরা। তড়িৎ অভিযান চালিয়ে খুবই অল্প সময়ের মধ্যে মোখা দখলও করে ফেলেছে তারা।

গৃহযুদ্ধ শুরুর পর হুথিরা ২০১৫ সালে যখন সানাসহ অন্যান্য অঞ্চল দখল করে তখন সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট এগুলো দখলমুক্ত করার চেষ্টা করে। কিন্তু এতে কোনো সমাধান হয়নি। এরপর ২০২২ সালে জাতিসংঘের সমঝোতায় তাদের মধ্যে যুদ্ধবিরতি হয়। কিন্তু সৌদি হুথিদের ওপর নৌ-অবরোধ আরোপ করে রেখেছিল। এই অবরোধ ভাঙতে এবং সৌদির ওপর পাল্টা অবরোধ আরোপ করতে হুথিরা লোহিত সাগরের উপকূলীয় অঞ্চলগুলো দখল করতে চাইছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version