নিউজ টাঙ্গাইল ডেস্ক: ঢাকার দুই সিটি নির্বাচনে মেয়র পদে বিএনপির দুই প্রার্থীকে সমর্থনের ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। জোটভুক্ত দলগুলোর পক্ষ থেকে দুই প্রার্থীর পক্ষে মাঠে থাকার ঘোষণা দেওয়া হয়েছে।
বুধবার বিএনপির দুই প্রার্থী তাবিথ ও ইশরাক মতিঝিলে ড. কামাল হোসেনের কাছে দোয়া চাইতে যান। এ সময় জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন তাদের প্রতি জোটের আনুষ্ঠানিক সমর্থনের ঘোষণা দেন।
ড. কামাল বলেন, সিটি নির্বাচনে আমরা বিএনপির দুই প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনকে সমর্থন জানাচ্ছি। তিনি বলেন, জাতীয় নির্বাচনের মতো এই নির্বাচনেও নির্লজ্জভাবে ভোট ম্যানিপুলেট করার চেষ্টা করলে আন্দোলন ছাড়া আর কোনো উপায় থাকবে না । তিনি তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনের পক্ষে নির্বাচনের মাঠে থাকার জন্য দল ও জোটের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
ঐক্যফ্রন্টের শরিক দল নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা বিএনপির প্রার্থীদের সমর্থন দিচ্ছি। আমরা বিএনপির প্রার্থীদের পক্ষে মাঠে থাকব। তবে সিটি করপোরেশনেও যদি জাতীয় নির্বাচনের মতো করে ভোটচুরির চেষ্টা করা হয়, তাহলে আমরা আন্দোলনের দ্বিতীয় ধাপে যাব।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, গণফোরামের নির্বাহী সভাপতি আবু সাঈদ, সুব্রত চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য মহশিন রশীদ, জেএসডির কার্যকারী সভাপতি সা কা ম আনিছুর রহমান খান, কার্যকারী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ, নাগরিক ঐক্যের শহিদুল্লাহ কায়সার, মমিনুল হক, জাহেদুর রহমান, বিকল্পধারা বাংলাদেশ মহাসচিব শাহ আহমেদ, জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম।

