Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

উপজেলা পরিষদ নির্বাচন যুবলীগ নেতার প্রার্থিতা ঘোষণা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদমুক্ত যুবসমাজ গড়ার প্রত্যয় নিয়ে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন। রবিবার বেলা ১২টায় মির্জাপুর পৌরসভার প্রত্যাশা কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার প্রার্থিতা ঘোষণা করেন।

এ সময় অন্যদের মধ্যে টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান খান বাবুল, পৌর আওয়ামী লীগের সভাপতি ফরহাদ উদ্দিন আছু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোতালেব মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হোসেন, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি হুমায়ুন তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খন্দকার নাইম হোসেন, মির্জাপুর পৌরসভার প্যানেল মেয়র চন্দনা দে, কাউন্সিলর এস এম রাশেদ, আমিরুল কাদের লাবন, আব্দুর রাজ্জাক, সাইজুদ্দিন মিয়া সাজু, শহীদুর রহমান শিপন, আনোয়ার হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শামীম আল মামুন তার লিখিত বক্তব্যে বলেন, সারা দেশের ন্যায় মির্জাপুরেও যুবসমাজের জয়জয়কার। যেকোনো আন্দোলন-সংগ্রামে যুবসমাজ অগ্রণী ভূমিকা পালন করছে। জনপ্রতিনিধি হয়ে সামাজিক আন্দোলন এবং সমাজ সংস্কারেও যুবসমাজ এগিয়ে যাবে। দীর্ঘদিন ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতির সাথে যুক্ত থেকে সকল শ্রেণি-পেশার মানুষের সংস্পর্শে আসার সুযোগ পেয়ে দলের সকল স্তরের নেতাকর্মীদের সমর্থনে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়াম্যান পদে প্রার্থী হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version