Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

এবার বরিশালে ৩ শিশুর জন্ম, নাম রাখা হলো স্বপ্ন-পদ্মা-সেতু

নারায়ণগঞ্জের পর এবার বরিশালে তিন কন্যা নবজাত‌কের নামকরণ করা হয়েছে স্বপ্ন, পদ্মা ও সেতু।

বৃহস্পতিবার সকালে বরিশাল নগরীর বীর‌শ্রেষ্ঠ ক্যা‌প্টেন ম‌হিউদ্দিন জাহাঙ্গীর সড়কস্থ ডা. মোখ‌লেছুর রহমান হস‌পিটাল অ্যান্ড ডায়াগন‌স্টিক সেন্টা‌রে এই তিন নবজাতকের জন্ম হয়।

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি এলাকার বাদলপাড়ার বাসিন্দা ও ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক বাবু সিকদারের স্ত্রী নুরুন্নাহার বেগমকে (২১) বৃহস্প‌তিবার সকাল সা‌ড়ে ৭টায় হাসপাতা‌লে ভর্তি করা হয়। সকাল ৯টার দিকে সিজারিয়ানের মাধ্যমে জন্ম নেয় তিন কন্যা সন্তান।

তিন সন্তানের বাবা বাবু সিকদার বলেন, পদ্মা সেতু উদ্বোধনের মাত্র দুদিন আগে আমার তিন কন্যা সন্তান পৃথিবীর মুখ দেখেছে। তাদের নিয়ে অনেক স্বপ্ন রয়েছে আমাদের। আমার তিন কন্যা সন্তান যেভাবে আমাদের মুখে হাসি ফুটিয়েছে, তেমনি পদ্মা সেতু পেয়েও আমরা দক্ষিণাঞ্চলবাসী খুব খুশি। সকাল থেকে যারাই আমার সন্তানদের দেখতে এসেছেন তারাই বলেছেন যেন সন্তানদের নাম রাখি স্বপ্নের পদ্মা সেতু। অবশেষে তিন সন্তানের নাম রাখলাম স্বপ্ন, পদ্মা ও সেতু। তারা যেন বড় হয়ে মানুষের কল্যাণে কাজ করতে পারে সবার কাছে এই দোয়া চাই।

ডা. মুন্সী মুবিনুল হক বলেন, সদ্য ভূমিষ্ট শিশুদের মধ্যে দুজনের ওজন দেড় কেজি এবং একজনের ওজন ১ কেজি ৪ শত গ্রাম। আশা করি মা ও তার তিন সন্তান সবাই যথাসময়ে সুস্থভাবে বাড়িতে ফিরতে পারবেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version