Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

এমপি রানার দুই অনুসারী তমাল ও রাব্বি রিমান্ডে

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্ক: আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানার দুই অনুসারীর বিরুদ্ধে অস্ত্র মামলায় দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এই আসামিরা হচ্ছেন: টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকার মাজহার হোসেন ওরফে তমাল (৩০) ও সদর উপজেলার বরুহা গ্রামের রাইসুল ইসলাম ওরফে রাব্বি (২০)।

টাঙ্গাইলের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মুনিরা সুলতানা রোববার (৯ সেপ্টেম্বর) এই রিমান্ড মঞ্জুর করেন।

গত বৃহস্পতিবার মাজহার ও রাইসুলকে টাঙ্গাইল বিচারিক হাকিমের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডের আবেদন করে গোয়েন্দা পুলিশ। আদালত রোববার জামিন শুনানির দিন ধার্য করেছিল।

আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলায় কারাবন্দী সাংসদ আমানুরকে গত বুধবার টাঙ্গাইল আদালতে হাজির করা হয়। ওই দিন তার অনুসারীরা মিছিলসহ আদালত এলাকায় প্রবেশের চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পুলিশ মাজহার ও রাইসুলকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করে। ওই রাতেই টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বাদী হয়ে গ্রেপ্তারকৃত দুই জনসহ সাতজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। মামলার অন্যান্য আসামিরা হলেন, আতিকুর রহমান রনি (২৮), শাকিল কবির ওরফে সোহেল (২৮), রেজোয়ান খান ওরফে পুনম (৩৭), আজিজুর রহমান ওরফে দিলু (৪৬) ও এম এ তারেক ওরফে পটন (৪৬)।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version