ক্রিকেটে অনেক ধরনের আউট রয়েছে। তবে কোনো ব্যাটসম্যানই রান আউট হতে চান না। কোনো ব্যাটসম্যান বোল্ড আউট, ক্যাচ আউট বা স্ট্যাম্পিং হয়ে আউট হলেও মেনে নিতে পারেন, কিন্তু রান আউটকে সহজে কোনো ব্যাটসম্যান মেনে নিতে পারেন না। কারণ রান আউট হচ্ছে ব্যাটসম্যানদের কাছে দুঃস্বপ্নের মতো।
ক্রিকেটে অনেক ম্যাচেই দেখা গেছে একটি রান আউটের কারণে সম্ভাব্য ফলাফলই পরিবর্তন হয়ে গেছে। কারণ যখন একজন ব্যাটসম্যান রান আউট হন, তখন দলের উইকেট পতনের পাশাপাশি অন্য প্রান্তের ব্যাটসম্যানের মনোযোগ নষ্ট হয়ে যায়। ক্রিকেটে অনেকে ব্যাটসম্যান ক্যারিয়ারে অসংখ্য বার আউট হয়েছেন। চলুন দেখে নিই, ওডিআই ক্রিকেটে যে সকল ব্যাটসম্যান অধিক সংখ্যকবার রান আউটের কবলে পড়েছেন।
৫. ওয়াসিম আকরাম ও মোহাম্মদ ইউসুফ (৩৮ বার)
পাকিস্তানের ক্রিকেট ভক্তদের কাছে ওডিআই ক্রিকেটে এই পরিসংখ্যানটি খুব বেশি পছন্দনীয় হওয়ার কথা নয়। ওডিআই ক্রিকেটে অধিক সংখ্যকবার রান আউটেরর দিক থেকে পঞ্চম অবস্থানে রয়েছেন পাকিস্তানের দুই বিখ্যাত ক্রিকেটার ওয়াসিম আকরাম ও মোহাম্মদ ইউসুফ।
ওয়াসিম আকরাম তার ক্যারিয়ারে ৩৫৬টি ওডিআই ম্যাচ খেলেছেন, যার মধ্যে তিনি ২৮০ ইনিংসে ব্যাট হাতে মাঠে নেমেছেন। অন্যদিকে, মোহাম্মদ ইউসুফ ২৮৮টি ওডিআই ম্যাচ খেলে, তার মধ্যে ২৭৩ ইনিংসেই ব্যাট করেছেন। সুলতান অব সুইং খ্যাত ওয়াসিম আকরাম তার গতি আর সুইংয়ের জন্য বিখ্যাত হলেও তিনি দৌড়ে রান নেওয়ার ক্ষেত্রে ছিলেন বেশ ধীর। এ কারণে তিনি তার ক্যারিয়ারে মোট ৩৮ বার রান আউট হয়েছেন।
ওডিআইতে চার নাম্বারে মোহাম্মদ ইউসুফ ছিলেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। তিনিও ওয়াসিম আকরামের মতো সমান ৩৮ বার রান আউট হয়েছেন। ওয়াসিম আকরাম তার ওডিআই ক্যারিয়ারে যতবার আউট হয়েছেন, তার মধ্যে রান আউট শতকরা ১৩.৫৭ ভাগ এবং মোহাম্মদ ইউসুফের ক্ষেত্রে শতকরা ১৩.৯২ ভাগ।
৪. মাহেলা জয়াবর্ধনে (৩৯ বার)
শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে দেশের হয়ে অনেক কিছু অর্জন করেছেন। তিনি শ্রীলঙ্কার জার্সিতে মোট ৪৪৮টি একদিনের ম্যাচ খেলেছেন, যা ওডিআই ক্রিকেটে একজন খেলোয়াড় হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ। এ তালিকার প্রথম অবস্থানে রয়েছেন শচীন টেন্ডুলকার, তিনি জয়াবর্ধনের চেয়ে ১৫ ম্যাচ বেশি খেলেছেন।
জয়াবর্ধনে ওডিআইতে ৩৩.৩৮ গড়ে ১২ হাজার ৬৫০ রান করেছেন, যার মধ্যে তার সেঞ্চুরি ছিল ১৯টি এবং হাফ সেঞ্চুরি ছিল ৭৭টি। তিনি তার ক্যারিয়ারে অধিকাংশ ম্যাচ লঙ্কানদের হয়ে চার নাম্বারে ব্যাট করেছেন এবং তিনি অসংখ্য ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে দেশকে জিতিয়েছেন। তবে জয়াবর্ধনের অর্জনের পাল্লাটা ভারী হয়ে আছে রান আউটের দিক দিয়েও। তিনি তার ওডিআই ক্যারিয়ারে মোট ৩৯ বার রাউট হয়েছে, যা একদিনের ক্রিকেটে চতুর্থ সর্বোচ্চ।
৩. ইনজামাম-উল-হক (৪০ বার)
পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক ওডিআই ক্রিকেটে অসাধারণ এক ক্যারিয়ার তৈরি করে গেছেন। তিনি দেশের জার্সিতে মোট ৩৭৮টি ম্যাচ খেলে ৩৯.৫৩ গড়ে ১১ হাজার ৭৩৯ রান করেছেন, যার মধ্যে ১০টি সেঞ্চুরি ও ৮৩টি হাফ সেঞ্চুরি ছিল।
ইনজামাম তার স্থূল শরীরের জন্য খুব বেশি দৌড়াতে পারতেন না। এ কারণে তিনি দৌড়ে খুব বেশি রান নিতেন না। তিনি তার ক্যারিয়ারে যত রান করেছেন, তার অধিকাংশই এসেছে বাউন্ডারি থেকে। এরপরও তিনি দৌড়ে রান নিতে গিয়ে এমন কিছু হাস্যকর রান আউট হয়েছেন, যেগুলো ক্রিকেট ভক্তরা আজীবন মনে রাখবেন। তিনি তার ক্যারিয়ারে মোট ৪০বার রান আউট হয়েছেন, যা ওডিআইতে তৃতীয় সর্বোচ্চ।
২. রাহুল দ্রাবিড় (৪০ বার)
ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা এক ব্যাটসম্যানের নাম রাহুল দ্রাবিড়। ভারতের ‘দ্য ওয়াল’ খ্যাত দ্রাবিড় তার মাথা ঠাণ্ডা রেখে ব্যাট করার গুণ দিয়ে ক্রিকেট ভক্তদের কাছে স্মরণীয় হয়ে আছেন। তিনি ম্যাচের যে কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারতেন এবং সে অনুযায়ী শট খেলতে পারতেন।
রাহুল দ্রাবিড় তার ক্যারিয়ারে ৩৪৪টি ওডিআই ম্যাচ খেলে ৩৯.১৭ গড়ে ১০ হাজার ৮৮৯ রান করেছেন, যার মধ্যে সেঞ্চুরি ছিল ১২টি এবং হাফ সেঞ্চুরি ছিল ৮৩টি। ভারতের অন্যতম বিশ্বস্ত এই ব্যাটসম্যান দেশের হয়ে অসংখ্য ম্যাচজয়ী ইনিংস খেলেছেন। অত্যন্ত ঠাণ্ডা মাথার ধীরস্থির ব্যাটসম্যান হওয়ার পরও দ্রাবিড় তার ১৬ বছরের ওডিআই ক্যারিয়ারে মোট ৪০ বার আউট হয়েছেন, যেটা তার ক্যারিয়ারের মোট আউটের ১২.৫৮ ভাগ।
১. মারভান আতাপাত্তু (৪১ বার)
শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটসম্যান মারভান আতাপাত্তু তালিকার শীর্ষে রয়েছেন। তিনি ছিলেন বিশ্বের অন্যতম সেরা মানের একজন ওপেনার। তিনি দেশের হয়ে মোট ২৬৮টি ওডিআই ম্যাচ খেলেছেন। আতাপাত্তু তার একদিনের ক্যারিয়ারে ৩৭.৫৭ গড়ে ৮ হাজার ৫২৯ রান করেছেন, যার মধ্যে সেঞ্চুরি ছিল ১১টি এবং হাফ সেঞ্চুরি ছিল ৫৯টি।
শ্রীলঙ্কার এই ব্যাটিং কিংবদন্তির নিজের ইচ্ছামতো চার ছক্কা মারার দক্ষতা ছিল। কিন্তু তিনি রান নেওয়ার সময় দৌড় দেয়ার ক্ষেত্রে ছিলেন খুবই কাঁচা। সে কারণেই তিনি ওডিআই ক্রিকেটে অপ্রিয় এক রেকর্ডের মালিক হয়েছেন। আতাপাত্তু ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ সংখ্যকবার রান আউট হয়েছেন। তিনি তার ক্যারিয়ারে মোট ৪১ বার রান আউট হয়েছেন, যেটা তার মোট আউটের ১৫.৮৩ শতাংশ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
