কক্সবাজার সৈকতের অন্তত দুই কিলোমিটার বালুচরে ভরপুর ছিল ছোট আকৃতির ভেসে আসা মাছে।
জেলিফিশের পর এবার কক্সবাজার সৈকতে ভেসে এল ছোট আকৃতির বিপুল পরিমাণ চাপিলা, পোপা, ছুরি মাছ। আজ বৃহস্পতিবার সকাল থেকে জোয়ারের পানিতে এসব মাছ ভেসে আসে। স্থানীয় লোকজন বালুচর থেকে মাছগুলো সংগ্রহ করে বাড়িতে নিয়ে গেছেন। হঠাৎ এত মাছ ভেসে আসার কারণ বুঝতে পারছেন না মৎস্য বিশেষজ্ঞরা।
মৎস্য বিভাগের কর্মকর্তা ও ট্রলারমালিকদের ধারণা, গভীর সাগরের মা চিংড়ি ধরার ট্রলিং জাহাজ থেকে ছোট মাছগুলো সাগরে ফেলে দেওয়া হতে পারে, যা জোয়ারের পানিতে ভেসে সৈকতে ওঠে। অথবা শুঁটকি করার জন্য মাছগুলো ট্রলিং জাহাজ থেকে কিনে ছোট কোনো নৌকা উপকূলে নিয়ে আসছিল। ঢেউয়ের ধাক্কায় নৌকাটি ডুবে গেলে মাছগুলো ভেসে সৈকতের বালুচরে ওঠে।

