Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী কোভিডে আক্রান্ত, টাঙ্গাইল পৌরসভার কার্যক্রম বন্ধ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল পৌরসভার চারজন কাউন্সিলর এবং ১৪ জন কর্মকর্তা-কর্মচারী কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। উপসর্গ দেখা দেওয়ায় পরীক্ষার জন্য আরও ৩০ জন নমুনা দিয়েছেন। এ পরিস্থিতিতে জরুরি সেবা ছাড়া সব কার্যক্রম বন্ধ রেখেছে পৌর কর্তৃপক্ষ।

পৌরসভা সূত্র জানায়, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেলের সোমবার করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাফিজুর রহমান, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামরুল হাসান এবং ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল্লাহেল ওয়ারেস কোভিড-১৯-এ আক্রান্ত হন।

এ ছাড়াও পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা বিষ্ণুপদ সরকার, বাজার পরিদর্শক আনন্দ চক্রবর্তী, কনজারভেন্সির পরিদর্শক আনিসুর রহমানসহ ১৪ জন কর্মকর্তা ও কর্মচারী এ রোগে আক্রান্ত হয়েছেন।

পৌরসভার সহকারী প্রকৌশলী শিব্বির আহমেদ আজমী বলেন, কাউন্সিলর এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আরও ৩০ জনের এ রোগের উপসর্গ দেখা দিয়েছে। তাঁরা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। অনেকে আইসোলেশনে রয়েছেন।

মাত্র কয়েক দিনের ব্যবধানে পৌরসভার এত বেশিসংখ্যক কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হওয়ায় এবং উপসর্গ দেখা দেওয়ায় পৌরসভার সব কর্মকর্তা-কর্মচারীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষও বিশেষ প্রয়োজন ছাড়া পৌরসভায় যাচ্ছেন না।

মেয়র জামিলুর রহমান বলেন, কাউন্সিলর এবং কর্মকর্তা-কর্মচারীরা করোনায় আক্রান্ত হওয়ায় পৌরসভার জরুরি সেবা (বিদ্যুৎ, পানি সরবরাহ ও আবর্জনা ব্যবস্থাপনা কার্যক্রম) ছাড়া অন্য সব কার্যক্রম জনস্বার্থে বন্ধ রাখা হয়েছে।

এদিকে স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, সোমবার জেলায় ৬০ জন নতুন করে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সদর উপজেলায় ৩৩ জন, মির্জাপুর, ভূঞাপুর ও মধুপুরে ছয়জন করে, সখীপুরে চারজন, ঘাটাইলে দুজন এবং দেলদুয়ার, কালিহাতী ও গোপালপুরে একজন করে রয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা হলো ১৪৬৩। এর মধ্যে ৮২০ জন সুস্থ হয়েছেন, মৃত্যুবরণ করেছেন ২৫ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৬১৮ জন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version