Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কানাডিয়ান শিক্ষা বৃত্তি পেল টাঙ্গাইলের ৫ শিক্ষার্থী

নিজস্ব প্রতিনিধি : কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট (সিবিইটি)’র শিক্ষা বৃত্তি পেল টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের কলেজ শাখার পাঁচ জন শিক্ষার্থী।

রবিবার (২৮ জুন) সকালে প্রতিষ্ঠানের হল রুমে বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ আব্দুল বাসেত মিঞা বৃত্তিপ্রাপ্ত পাঁচ শিক্ষার্থীর প্রতিজনকে প্রথম কিস্তির পাঁচ হাজার টাকার চেক তুলে দেন। করোনার এই সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এই অনুষ্ঠান আয়োজন ও পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুল বাসেত মিঞা বলেন, ‘সমৃদ্ধ জাতি গঠনের জন্য শিক্ষার্থীদের শুধু ভালো ফল অর্জন করলে চলবে না। তাদের মানবিক মূল্যবোধসম্পন্ন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের নিরলস কাজ করতে হবে। মনে রাখতে হবে আজকের শিক্ষার্থীরা আগামীদিনের স্বপ্ন বাস্তবায়নের কারিগর।

তিনি করোনার এই সময়ে সবাইকে সতর্ক থাকতে ও স্বাথ্যবিধি মেনে চলতে পরামর্শ দেন। তিনি ছাত্রীদের নিজ বাসায় অবস্থান করে নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে বলেন এবং নিয়মিত টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ফেসবুক পেজে এবং টাঙ্গাইল অনলাইন স্কুল লাইভ ক্লাস দেখার পরামর্শ দেন।’

এসময় উপস্থিত ছিলেন, কলেজ শাখার প্রভাষক হেলাল উদ্দিন, রফিকুল ইসলাম, মফিজুল হক ও আরিফুল ইসলাম। স্কুল শাখার শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল হালিম মিয়া, আবু আয়ুব, নজরুল ইসলাম, ও সাইদুর রহমান।

বৃত্তিপ্রাপ্তরা সবাই উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী। তারা হলো, বিজ্ঞান বিভাগের সুমাইয়া আক্তার, মানবিক বিভাগের খাদিজা আক্তার, কবিতা আক্তার, লামিয়া আক্তার।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version