Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কালিহাতীতে অতিরিক্ত মদ পানে দুই জনের মৃত্যু 

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে অতিরিক্ত মদ পানে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১ জন অসুস্থ হয়েছে। বৃহস্পতিবার ভোরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোপাল চন্দ্র পাল এবং বুধবার রাতে উপজেলার উত্তর বেতডোবা পালপাড়া গ্রামের নিজ বাড়িতে আনন্দ পাল মারা যায়।

নিহতরা হলেনÑ উপজেলার উত্তর বেতডোবা পালপাড়া গ্রামের দিনু পালের ছেলে আনন্দ পাল (৪৫) এবং ওই গ্রামের ভজন পালের ছেলে গোপাল চন্দ্র পাল (৩৫)।

পুলিশ এবং স্থানীয়রা জানান, গত ৮ অক্টোবর মঙ্গলবার দুর্গাপূজার বিজয়া দশমীর দিন উপজেলার বেতডোবা পালপাড়া গ্রামে আনন্দ পাল, গোপাল চন্দ্র পাল এবং টোকন পাল এক সাথে অতিরিক্ত মদ পান করেন। এতে একপর্যায়ে আনন্দ পাল এবং গোপাল চন্দ্র পাল অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে আনন্দ পাল বাড়িতে চলে যায় এবং অপরদিকে উন্নত চিকিৎসার জন্য গোপাল চন্দ্র পালকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

পরে বুধবার রাতে নিজ বাসায় আনন্দ পাল মারা যায় এবং বৃহস্পতিবার ভোরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোপাল চন্দ্র পালের মৃত্যু হয়। এ ছাড়া এদিকে অতিরিক্ত মদ পানের ফলে ওই গ্রামের টোকন পাল (৩৫) বুধবার রাতে অসুস্থ হয়। পরে পরিবারের লোকজন তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে কালিহাতী থানার ওসি হাসান আল মামুন বলেন, দুর্গাপূজার বিজয়া দশমীর দিন অতিরিক্ত মদপানে করার ফলে দুইজনের মৃত্যু হয়। এদের মধ্যে নিজ এলাকায় আনন্দ পালের মৃতদেহ বৃহস্পতিবার সকালে দাহ করা হয়েছে এবং গোপাল চন্দ্র পালের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রয়েছে বলে ওসি জানান।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version