নিউজ টাঙ্গাইল ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকার একটি পুকুর থেকে বাক প্রতিবন্ধি এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
মঙ্গলবার দুপুরে লতিফপুর জোড়া ব্রিজ এলাকার জননী মৎস্য খামারের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম – নাসির দেওয়ান (৩৫)। তিনি টাঙ্গাইলের নাগরপুর থানার সলিমাবাদ এলাকার জরু দেওয়ানের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাহেববাজার এলাকায় তাপস মিষ্টান্ন ভাণ্ডারে চাকরি করতেন নাসির দেওয়ান। সোমবার রাতে কাজ শেষে বাড়ির উদ্দেশ্যে দোকান হতে রওনা হওয়ার পর নিখোঁজ হন নাসির। কিন্তু অনেক রাত পর্যন্ত বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
পরদিন মঙ্গলবার দুপুরে স্থানীয় লতিফপুর জোড়া ব্রিজ এলাকায় জননী মৎস্য খামারের একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। নিহতের মাথায় আঘাতের চিহ্ন দেখা যায়।
কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে – রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি যাওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় পুকুরে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন ওসি।

