Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কিশোরী ধর্ষণ মামলা: ৪ সপ্তাহের আগাম জামিন পেলেন আ’লীগ নেতা বড় মনির

ছবি: সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদক: কিশোরীর দায়ের করা ধর্ষণ মামলায় অভিযুক্ত টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির হাইকোর্ট থে‌কে চার সপ্তাহের আগাম জামিন পে‌য়ে‌ছেন। সেইসাথে বড় মনি‌রের স্ত্রী নিগার আফতাবকেও আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে বিচারপতি ইকবাল কবির ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে গত রোববার (১৬ এপ্রিল) গোলাম কিবরিয়া বড় মনির ও তার স্ত্রী হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন।

এ ব্যাপারে সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম সরোয়ার জানান, হাইকোর্টে আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে বিচারক গোলাম কিবরিয়া বড় মনির চার সপ্তাহের আগাম জামিন আবেদন মঞ্জুর করেন। এরপর তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করবেন।

টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে গত বুধবার (৫ এপ্রিল) রাতে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন ওই কিশোরী। এর আগে তাকে নানাভাবে হুমকি দেওয়া হতো।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকালে ওই কিশোরী আদালতে দণ্ডবিধির ২২ ধারায় জবানবন্দি দেন। কিশোরীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে মামলা হওয়ায় জেলার আওয়ামী লীগের রাজনীতির মাঠে পক্ষ-বিপক্ষ নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। অভিযুক্ত বড় মনির টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছেট মনিরের বড় ভাই।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version