নিজস্ব প্রতিনিধিঃ কোটা বহাল রাখা ও মাসিক ভাতা ত্রিশ হাজার টাকা করাসহ ৫ দফা দাবিতে টাঙ্গাইলে মুক্তিযোদ্ধারা অবস্থান কর্মসূচি পালন করেছেন। সোমবার (১৪ মে) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় ‘আমরা সবাই বীরমুক্তিযোদ্ধা’ ব্যানারে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার জহুরুল হক ডিপটি। প্রায় দুই ঘন্টা ব্যাপি এই অবস্থান কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কোম্পানী কমান্ডার রবিউল আলম, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক সাংগঠনিক কমান্ডার জয়নাল আবেদীন ফারুক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক ওমর ফারুক বিপ্লবসহ জেলা ও উপজেলার প্রায় ৫ শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেন।
মুক্তিযোদ্ধাদের অবস্থান কর্মসূচিতে দাবিকৃত ৫ দফা হলো- সরকারি চাকুরীতে মুক্তিযোদ্ধাদের ৩০% (ত্রিশ ভাগ), কোটা বহাল রাখা, মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানি ভাতা ত্রিশ হাজার টাকা, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সকল প্রকার কার্যকলাপ বন্ধ, মুক্তিযোদ্ধাদের সর্বস্তরের সরকারিভাবে সম্মান প্রদর্শন করা ও রাজাকার মুক্ত বাংলাদেশ গড়া।

