Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

গর্ভধারণের ওষুধ খাওয়ানোর কথা বলে গৃহবধূকে ধর্ষণ করেছেন ৬০ বছরের কবিরাজ

News Tangail

গর্ভধারণের ওষুধ খাওয়ানোর কথা বলে গৃহবধূকে (২০) ধর্ষণ করেছেন ৬০ বছরের এক কবিরাজ। এমন অভিযোগে কথিত কবিরাজ আব্দুল কুদ্দুসকে গ্রেফতার করেছে পুলিশ।

তিন ছেলে ও তিন মেয়ে সন্তানের জনক কুদ্দুস রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর মধ্যপাড়া গ্রামের মৃত নছর উদ্দিন শেখের ছেলে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে রাজবাড়ী থানায় মামলা দায়ের করেন ওই গৃহবধূ।

গৃহবধূর দাবি, তিনি গর্ভে সন্তান আসার জন্য বিভিন্ন রকম চিকিৎসা গ্রহণ করেছেন। কিন্তু তিনি মা হতে পারছিলেন না। চিকিৎসা গ্রহণের একপর্যায়ে দু’মাস আগে তিনি কবিরাজ কুদ্দুস শেখের কাছ থেকে ওষুধ নিয়ে সেবন করেন। এরই মাঝে কুদ্দুস গত ২০ আগস্ট বিকেলে তার ভাড়া বাড়িতে আসেন ও তাকে কৌশলে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করেন।

একইভাবে ১ অক্টোবর বিকেলে ও ৬ অক্টোবর দুপুরে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। তবে ৬ অক্টোবর দুপুরে ধর্ষণ করতে এলে তার স্বামী হাতে নাতে কবিরাজ কুদ্দুসকে ধরে ফেলেন। এ সময় কুদ্দুস তার স্বামীকে মারপিট করে পালিয়ে যান।

রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানিয়েছেন, রাজবাড়ী থানা ও খানখানাপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথ অভিযান চালিয়ে আসামি কুদ্দুস শেখকে গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কুদ্দুস ওই গৃহবধূকে ধর্ষণের কথা স্বীকার করেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version