নিউজ ডেস্ক: কর্মী ছাঁটাইয়ের গুজব ও বেতন পরিশোধের দাবিতে গাজীপুরে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে। কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুত এলাকায় মঙ্গলবার সকালে সান ‘চেরি বডি ফ্যাশন লিমিটেডের’ শ্রমিকরা এ বিক্ষোভ করে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার বলেন, এপ্রিল মাসের বেতন না দিয়ে ছাঁটাই করা হচ্ছে এমন গুজবে শ্রমিকরা মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা পাশের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে। এ সময় মহাসড়কে যানবাহন চলাচল ব্যহত হয়।
“শ্রমিকদের অনেক বুঝিয়ে দুই ঘণ্টা পর মহাসড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল আবার শুরু হয়। তবে শ্রমিকরা কারখানার পাশে অবস্থান নেয়।পরে কারখানা কর্তৃপক্ষ কাউকে ছাঁটাই না করে এপ্রিলের বেতন ৭ মে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা দুপুর ১২টার দিকে আন্দোলন ত্যাগ করে।”
কারখানার শ্রমিক ফাহাদ বলেন, “করোনোভাইরাস সঙ্কটের ফলে প্রায় এক মাস বন্ধের পর গত ২ মে থেকে কারখানা চালু হয়। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তাদের পছন্দমত কিছু লোক ডেকে নিয়ে কাজ শুরু করেন। আর অন্যদের চাকরি নেই বলে মঙ্গলবার সকালে কারখানায় ঢুকতে দিচ্ছিল না। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা ছাঁটাই বন্ধ ও এপ্রিলের বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করে।”গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. সিদ্দিকুর রহমান বলেন, মঙ্গলবার করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে ৩০ শতাংশ শ্রমিক নিয়ে কাজ শুরু করে। এতে অন্য শ্রমিকদের ছাঁটাই করা হয়েছে ভেবে তারা আন্দোলন শুরু করে।

