Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

গাম্পার ট্রফিতে মেসি বনাম তেভেজ

News Tangail

প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক ক্লাব প্রেসিডেন্ট হুয়ান গাম্পারের স্মরণে প্রতিবছরই মৌসুমের শুরুর দিকে বার্সেলোনা হুয়ান গাম্পার ট্রফির আয়োজন করে থাকে। যেখানে আমন্ত্রণ জানানো হয় একটি ক্লাবকে। ৫৩তম এই আসরে বার্সার প্রতিপক্ষ আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স।

ফলে এ ম্যাচে প্রতিপক্ষ হিসেবে খেলতে দেখা যাবে এক সময়ের আর্জেন্টাইন জাতীয় দলের সতীর্থ কার্লোস তেভেজ ও লিওনেল মেসিকে। আর এ ম্যাচে বার্সা অধিনায়ক মেসির সঙ্গে খেলাটা উপভোগ করবেন বলে জানিয়েছেন তেভেজ।

জাতীয় দলের হয়ে ৭৬টি ম্যাচ খেলা ৩৪ বছর বয়সী তেভেজ পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মেসির সঙ্গে অসংখ ম্যাচ খেলেছেন।

আগামী বুধবার (১৫ আগস্ট) বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে প্রীতি এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এ প্রসঙ্গে বোকা জুনিয়র্সের স্ট্রাইকার তেভেজ বলেন, ‘তার (মেসি) প্রতিপক্ষ হিসেবে খেলা সবসময়ই দারুণ। যখন আমি তার সঙ্গে একই দলের হয়ে খেলেছি তখনও উপভোগ করেছি। আর এবার ব্যাপারটা আরো জমবে।’

এদিকে মৌসুমে শুরুতেই কাতালান ক্লাব বার্সার নেতৃত্ব বুঝিয়ে দেয়া হয় মেসির কাঁধে। তার অধিনায়কত্বেই স্প্যানিশ সুপার কাপে সেভিয়াকে ২-১ গোলে হারিয়ে প্রথম শিরোপা ঘরে তোলে আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version