ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের গোপালপুরে দুই পুলিশ সদস্যের উপর হামলা চালিয়ে মারধর করে হ্যান্ডকাপসহ রিপন (৩৮) নামে এক আসামিকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিজানুর রহমান (৪০) নামে ছিনকারীকে গ্রেফতার করেছে গোপালপুর থানা পুলিশ। আসামি রিপন উপজেলার চিলাবাড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও ছিনতাইকারী মিজানুর ভুটিয়া গ্রামের মৃত ইনতাজ আলীর ছেলে।
আহত দুই পুলিশ সদস্য হলেন- গোপালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন ও কনস্টেবল মাখন চন্দ্র সূত্রধর। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে এসআই সালাউদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং কনস্টেবল মাখন চিকিৎসাধীন রয়েছে।
শনিবার (২২ জানুয়ারি) তাদেরকে টাঙ্গাইলে আদালতে প্রেরণ করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের ভুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গোপালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, রিপনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার সময় মিজানুর ও তার লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এ সময় হামলায় দুই পুলিশ সদস্য আহত হন।
পরে ওই এলাকায় অভিযান চালিয়ে হ্যান্ডকাপসহ আসামি রিপন ও মিজানকে গ্রেফতার করা হয়। ছিনতাইকারী মিজান উপজেলার ধোপাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী সিরাজুল ইসলামের ভাই। সে (মিজান) নেশাগ্রস্ত এবং ইয়াবা সেবনকারী হিসেবে এলাকায় পরিচিত। শনিবার তাদের দু’জনকেই টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

