Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঘাটাইলে শীতার্ত মানুষের পাশে ইউএনও ও পৌর প্রশাসন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে উপজেলা ও পৌর প্রশাসন। বৈরি আবহাওয়া চলাকালীন এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. আবু সাঈদ।

রোববার (৪ জানুয়ারি) রাতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ, সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।

রতনপুর পৌর এলাকার বাসিন্দা তালেব খা বলেন, গভীর রাতে উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা নিজে এসে তার হাতে কম্বল তুলে দেন, যা তাকে ভীষণ আনন্দিত করেছে। পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মালা বেগম বলেন, “কনকনে শীতে ইউএনও স্যার নিজে এসে কম্বল দেবেন—এটা কল্পনাও করিনি।”

শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগে কখনো এতিম, কখনো দিনমজুর, আবার কখনো ছিন্নমূল মানুষের কাছে ছুটে যাচ্ছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। ইউনিয়ন থেকে শুরু করে পৌরসভার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত দিন-রাত এক করে সরকারের সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে অসহায়দের হাতে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু সাঈদ বলেন, “এই কনকনে শীতে যারা প্রকৃতপক্ষে অসহায়, তাদের চিহ্নিত করে কম্বল দেওয়ার চেষ্টা করছি। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।”

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version