Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

চট্টগ্রামে মাকে গুলি করে মারলেন ছেলে

চট্টগ্রামের পটিয়ায় পারিবারিক কলহের জেরে ছেলের গুলিতে মায়ের মৃত্যু হয়েছে। নিহত নারী জাতীয় পার্টির প্রয়াত নেতা ও পটিয়া পৌরসভার সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের স্ত্রী জেসমিন আক্তার (৫০)। এ ঘটনার পরপরই পালিয়ে গেছে অভিযুক্ত ছেলে মাইনুদ্দিন মইনুর (৩০)। মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলা সদরের সামজার পাড়া নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে বাবার রেখে যাওয়া সম্পত্তি ও টাকা-পয়সা নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া লাগে মইনুরের। এ সময় মাকে মাথায় গুলি করেন তিনি। পরে স্থানীয়রা জেসমিনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে নিহত জেসমিনের অস্ট্রেলিয়ায় মেয়ের কাছে যাওয়ার কথা ছিল। মইনুরের সন্দেহ ছিলো সব সম্পত্তি বিক্রি করে মা বিদেশে পাড়ি দিতে চাচ্ছেন। তার বাবা শামসুল আলম মাস্টার দীর্ঘদিন পৌর মেয়র ছিলেন। গত মাসে তিনি মারা গেছেন। তার এক মেয়ে ও দুই ছেলে।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ১০টি কার্তুজ ও একটি এয়ারগান জব্দ করা হয়েছে। তবে অভিযুক্ত মইনুর পালিয়ে গেছে। তাকে আটকের জন্য অভিযান চলছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version