Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

চিকিৎসা সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে মির্জাপুরের কুমুদিনী হাসপাতাল

নিউজ টাঙ্গাইল ডেস্ক: বেসরকারি পর্যায়ে মানব সেবা ও চিকিৎসা সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল। এটাকে বলা হয় গরীরের হাসপাতাল। করোনা ভাইরাস সংক্রমণের মধ্যেও কুমুদিনী হাসপাতাল অপারেশন ব্যবস্থাসহ স্বাভাবিক সেবা প্রদান করে যাচ্ছেন। বেসরকারি ও ব্যক্তি পর্যায়ে বিনা খরচে থাকা-খাওয়াসহ উপমহাদেশের মধ্যে বৃহৎ এ সেবাধর্মী হাসপাতালে অতি স্বল্প খরচে সকল ধরনের চিকিৎসা সেবা প্রদান করা হয় বলে কুমুদিনী হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।

কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লি. এর ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা জানান, আমার দাদু দানবীর রনদা প্রসাদ সাহার স্বপ্ন বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের মুল উদ্দেশ্য। কুমুদিনী হাসপাতাল এবং কুমুদিনী পরিবার সেই লক্ষ্য ও উদ্দেশ্য সামনে নিয়েই কাজ করে যাচ্ছে।

কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় ও এজিএম (অপারেশন) অনিমেশ ভৌমিক লিটনসহ অন্যান্য কর্মকর্তারা জানান, দানবীর রনদা প্রসাদ সাহা মানব সেবার লক্ষ্য নিয়ে বিগত ১৯৩৮ সালে লৌহজং নদীর কূল ঘেঁষে বিশাল এলাকা নিয়ে কুমুদিনী হাসপাতাল প্রতিষ্ঠা করেন। কুমুদিনী হাসপাতালে স্বল্প খরচে সকল ধরনের রোগের চিকিৎসার ব্যবস্থা রয়েছে। হাসপাতালকে ঘিরে কুমুদিনী নার্সিং স্কুল ও কলেজ, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ ও ভারতেশ্বরী হোমস শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ডাক্তার ফি ছাড়াই মাত্র ২০ টাকার টিকেটের বিনিময়ে চিকিৎসা নিতে আসা রোগীরা চিকিৎসা সেবা পেয়ে থাকেন। ১ হাজার ৫০ শয্যা বিশিষ্ট কুমুদিনী হাসপাতালে প্রতি নিয়ত ১২শ’ থেকে ১৬শ’ রোগী চিকিৎসা সেবা পেয়ে থাকেন। হাসপাতালে ৯শ’ থেকে ১১শ’ রোগী ভর্তি থাকেন। এখানে মেডিসিন বিভাগ, অর্থোপেডিক্স বিভাগ, সার্জারি বিভাগ, শিশু বিভাগ, ডেন্টাল বিভাগ, চক্ষু বিভাগ, গাইনি বিভাগসহ বিভিন্ন বিভাগে নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা দিয়ে থাকেন। এছাড়া পরীক্ষা নিরীক্ষার জন্য স্বল্প খরচে রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি। আইসিইউ, সিটিস্কান, কিডনি ডায়ালাইসিস ও কেমোথেরাপির ব্যবস্থা রয়েছে।

অসহায় ও গরীব রোগীদের জন্যও বিনা খরচে চিকিৎসার ব্যবস্থা রয়েছে। কুমুদিনী হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে ফাতেমা বেগম (৪৫) ও আশরাফুল ইসলাম (৫৩) টিনিউজকে বলেন, অল্প খরচে ভালো চিকিৎসা সেবা কেন্দ্র কুমুদিনী হাসপাতাল। এখানে সকল ধরনের সেবা অতি সহজে পাওয়া যায়।

এদিকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কুমুদিনী হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। ডাক্তার, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতালের পক্ষ থেকে পিপিইসহ স্বাস্থ্য সুরক্ষার সকল প্রকার ব্যবস্থা করা হয়েছে। মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, ও খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণ এই দুর্যোগের মধ্যেও কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লি. এর ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা কুমুদিনী হাসপাতালে অবস্থান করে চিকিৎসা নিতে আসা রোগী এবং ডাক্তার, নার্সসহ কর্মকর্তা-কর্মচারীদের সকল প্রকার সহযোগিতা করে যাচ্ছেন।

এ ব্যাপারে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লি. শিক্ষা পরিচালক এবং ভারতেশ্বরী হোমসের সাবেক প্রিন্সিপাল একুশে পদকপ্রাপ্ত প্রতিভা মুৎসুদ্দির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, করোনার ভাইরাসের মতো দুর্যোগের মধ্যেও কুমুদিনী হাসপাতালে সকল প্রকার চিকিৎসা সেবা চালু রয়েছে। বিভিন্ন এলাকা থেকে আসা রোগীরা বহির্বিভাগ চিকিৎসা সেবা এবং অন্তঃবিভাগে ভর্তি হচ্ছেন। ইন্টার্নি ও বিশেষজ্ঞ চিকিৎসক এবং নার্সরা একযোগে কাজ করে যাচ্ছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version