১৬ বছর পূর্তি উপলক্ষ্যে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ’তারুণ্যের উৎসব ২০২০’ পালিত হয়েছে। আজ শুক্রবার টাঙ্গাইলের ধনবাড়ী কলেজ মাঠে ‘তরুণের হাট’ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। আরও ছিলেন দেশ বরেণ্য তারকা চিত্র নায়িকা মৌসুমি ও চিত্র নায়ক ফেরদৌস।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আজকের তরুণ সমাজই উন্নত সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশের চালিকাশক্তি। তাই তরুণ সমাজকে উচ্চশিক্ষায় শিক্ষিত ও দেশপ্রেমে জাগ্রত হতে হবে।
তিনি বলেন, জঙ্গিবাদ সন্ত্রাস ও মাদক থেকে তরুণ সমাজকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। এজন্যই বর্তমান সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপরও গুরুত্ব দিচ্ছে। দেশ এখন উন্নয়নশীল। মানুষের জীবন-যাত্রার মানও উন্নত হয়েছে।
তরুণের হাটের উপদেষ্টা রাসেল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা, পৌরসভা মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, ধনবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, গুণিজন ও প্রবীণ ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
