Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ আজ

News Tangail

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আজ রোববার (৩০ ডিসেম্বর)। সকাল ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনকে কেন্দ্র করে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। দেশব্যাপী মোতায়েন করা হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।

নির্বাচনে সবার জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

শুক্রবার সকাল ৮টা থেকে নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। গত ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পরই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল প্রচার-প্রচারণা।

এবার সারাদেশে মোট ১০ কোটি ৩৮ লাখ ২৬ হাজার ৮১৯ জন ভোটার ২৯৯টি সংসদীয় আসনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে ৫ কোটি ২৩ লাখ ৭১ হাজার ৬১৬ জন পুরুষ এবং ৫ কোটি ১৪ লাখ ৫৫ হাজার ২০৩ জন নারী ভোটার রয়েছেন।

জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মারা যাওয়ায় গাইবান্ধা-৩ আসনের নির্বাচন ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে না।

৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের ১৮০০ এর বেশি প্রার্থীর অংশগ্রহণে এবারের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। খসড়া তালিকা অনুযায়ী, এবারের নির্বাচনে ১৮৪৯ জন প্রার্থী লড়ছেন। এদের মধ্যে ১৭৪৮ জন রাজনৈতিক দলের মনোনয়ন পেয়েছেন এবং ১০১ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন।

২৯৯টি সংসদীয় আসনের মধ্যে ইভিএমের মাধ্যমে ছয়টি আসনে ভোট অনুষ্ঠিত হবে। আসনগুলো হলো- ঢাকা-৬ ও-১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ এবং সাতক্ষীরা-২। এসব আসনের মোট ভোটার সংখ্যা ২১ লাখ ২৪ হাজার ৫৫৪ জন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version