Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলকে পরিচ্ছন্ন ও আদর্শ নগরী গড়তে সাত দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল শহরকে একটি বসবাস উপযোগী, আদর্শ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সাত দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু।

‘পরিচ্ছন্ন টাঙ্গাইল’-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে শহরের প্রধান প্রধান সড়ক, বাজার ও আবাসিক এলাকায় স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে সুলতান সালাউদ্দিন টুকু বলে— “আগামী নির্বাচনের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ গড়তে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক, সাম্য ও সহমর্মিতার বাংলাদেশ গড়ে তুলব। টাঙ্গাইল শহরকে পরিচ্ছন্ন ও আদর্শ নগরীতে রূপ দেওয়ার এই উদ্যোগ নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করার একটি আহ্বান।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— ‘পরিচ্ছন্ন টাঙ্গাইল’-এর আহ্বায়ক মাহমুদুল হক সানু, সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফি ইথেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ শহীদুল আলম টিটু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, টাঙ্গাইল সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ স্বেচ্ছাসেবক ও পরিচ্ছন্ন কর্মীরা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version