Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলের জাহালমের মতো অপরাধ না করেও শুক্কুর শাহের কারাভোগ

নিউজ ডেস্ক : জাহালমের রেশ কাটতে না কাটতেই এবার শুক্কুর শাহ। বাবার নাম ও নিজের নামে কিছুটা মিল ছিল বলে অপরাধ না করেও এক বছর কারাভোগ করতে হয়েছে বরিশালের শুক্কুর শাহকে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তার বাবা-মা। এর জন্য সংশ্লিষ্টদের সতর্ক হওয়া উচিত বলে মনে করেন সুশীল সমাজ। আর দায়ীদের বিচার হলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা।

অপরাধ না করেই বরিশালের আগৈলঝাড়ার আবুল কাসেমের ছেলে শুক্কুর শাহ ঢাকার শাহবাগ থানার একটি মাদক মামলায় এক বছর কারা ভোগ করেন। বিষয়টি অবগত হয়ে ঢাকার বিশেষ জজ আদালত ২০১৯ ফেব্রুয়ারি তাকে মুক্ত করেন। ওই মামলার প্রকৃত আসামির নাম শুক্কুর আলী। তার বাবার নাম আবুল কাশেম হলেও তিনি মৃত। আর ঠিকানা ঢাকার হাজারীবাগে। এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শুক্কুর শাহের বাবা-মা ও স্বজনরা।

শুক্কুর শাহের বাবা আবুল কাসেম বলেন, ‘যে অপরাধ করেছে তার নাম শুকুরী আর আমার ছেলের নাম শুক্কুর শাহ। বিনা দোষে ছেলেরে কেমন আটকে রাখলো। এর বিচার দিতে হবে।’

শুক্কুর শাহের মা বলেন, ‘আমার ছেলেকে পুলিশ আটক রাখছিলো, আমি এর বিচার চাই।’

এর জন্য সংশ্লিষ্টদের সতর্ক হওয়া উচিত বলে মনে করেন বরিশাল নাগরিক সমাজের যুগ্ম সম্পাদক এনায়েত হোসেন চৌধুরী।

দায়ীদের বিচার হলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে বলে মনে করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান সুপ্রভাত হালদার।

হাজারীবাগ থানার মাদকের একটি বিচারাধীন মামলায় জেলে ছিলেন এই শুক্কুর শাহ। তিনি জামিনও পেয়েছিলেন। কিন্তু শাহবাগ থানার মাদক মামলার পলাতক আসামি শুক্কুর আলী বলে শুক্কুর শাহকে গ্রেফতার দেখানোর জন্য ভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে প্রতিবেদন দেন। এ কারণে অপরাধ না করেই এক বছর কারাভোগ করেন তিনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version