Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলের তাঁত পল্লীতে ব্যস্ত সময় পার করছেন মালিক-শ্রমিকরা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: পহেলা বৈশাখ উপলক্ষে টাঙ্গাইলের তাঁত পল্লীতে ব্যস্ত সময় পার করছেন মালিক ও শ্রমিকরা। বাড়তি আয়ের আশায় দিনরাত পরিশ্রম করছেন তারা। অন্যান্য বছরের তুলনায় এবছর বৈশাখে শাড়ির চাহিদা ভালো থাকায় বেশি লাভের আশা করছেন তাঁত মালিকরা।

করটিয়া হাট ব্যবসায়ী সমিতি, এবার অন্যান্য বছরের তুলনায় কমপক্ষে কোটি টাকার শাড়ি বেশি বিক্রির আশা করছে। খটখট শব্দে মুখরিত টাঙ্গাইলের কালিহাতি ও পাথরাইলের তাঁতপল্লী । কেউ ব্যস্ত বুননের কাজে আবার কেউবা সুতা তুলছেন চরকায়। রঙিন সুতার কারুকার্যে ফুটিয়ে তুলছেন বাহারি নকশা| বৈশাখ বাঙালির প্রাণের উৎসব।

ঈদের মতোই বৈশাখেও টাঙ্গাইলের তাঁত পল্লীতে তৈরি হচ্ছে জামদানি, সিল্ক, বালুচুরি ও তসরসহ শতাধকি ডিজাইনের শাড়ি। পুরুষের পাশাপাশি নারীরাও কাজ করছেন সমান তালে। শ্রমিকরা জানান শাড়ির চাহিদা অনেক বেশি থাকায় বাড়তি পারিশ্রমিকের আশায় দিনরাত পরিশ্রম করছেন তারা।

তাঁত মালিক ও ব্যাবসায়ীরা জানান, বৈশাখ উপলক্ষে বাহারি ডিজাইনের শাড়ি প্রস্তুত করা হচ্ছে। বিক্রিও অনেক ভালো। তবে সুতার দাম ও রংয়ের বাজার নিয়ন্ত্রণে সরকারিভাবে ব্যবস্থা নেয়ার দাবি তাদের। উৎসবকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলা থেকে পাইকারদের পাশাপাশি খুচরা ক্রেতাও শাড়ি কিনতে ভিড় করছেন করটিয়ার পাইকারি দোকানে।

করটিয়া পাইকারি কাপড়ের হাট ব্যবসায়ী সমিতির এই নেতার আশা, বৈশাখ উপলক্ষে অন্যান্য বছরের চেয়ে অন্তত কোটি টাকার শাড়ি বেশি বিক্রি হবে। করটিয়া কাপড়ের হাটে প্রায় ৫ হাজার ব্যবসায়ী রয়েছেন। আর এই হাটে প্রতি সপ্তাহে প্রায় ৫০ কোটি টাকার কাপড় বিক্রি হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version