বাসাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী নৌকা প্রতীকে আব্দুর রহিম আহমেদ বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন।
তিনি পেয়েছেন ৪হাজার ৭৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী ধানের শীষ প্রতীকে এনামুল করিম অটল পেয়েছেন ৩হাজার ৯৪৫ ভোট ও কৃষক শ্রমিক জনতালীগের প্রার্থী গামছা প্রতীকে রাহাত হাসান টিপু পেয়েছেন ৩হাজার ৭৯৪ভোট। এরআগে আজ শনিবার টাঙ্গাইলের বাসাইল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয় একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মেয়র পদে তিনজন, সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মেয়র পদে আওয়ামী লীগ থেকে মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, কৃষক শ্রমিক জনতালীগ থেকে রাহাত হাসান টিপু ও বিএনপি থেকে এনামুল করিম অটল প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কেন্দ্রীয় বিএনপি থেকে অবশ্য এনামুল করিম অটলের প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী রাহাত হাসান টিপুকে সমর্থন দেওয়া হয়েছিল। তবে অটল নির্বাচন থেকে সরে দাঁড়াননি।
নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, ১০ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে ১০ জন, সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে ৫৩ জন, ও পোলিং অফিসার হিসেবে ১০৬ জন দ্বায়িত্ব পালন করেছেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।