Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক: টাঙ্গাইলের বাসাইলে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাকিবুল ইসলাম (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছে।

শনিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার কলেজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিবুল ইসলাম টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের ব্রাহ্মণকুশিয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। সে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।

এ ঘটনায় আহতরা হলো- একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. ইয়াছিন (১৭) ও কোরবান আলীর ছেলে সাইদুল ইসলাম মিন্টু (১৭)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, টাঙ্গাইল থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা বাসাইল কলেজপাড়া আসলে বিপরীতমুখী ওই মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিনজনকে আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় রাকিবুল মারা যায়।

বাসাইল থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল ৫টার দিকে বাসাইল কলেজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল আরোহী তিনজনকে আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় রাকিবুলের মৃত্যু হয়। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে রয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version