Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে অবৈধ স্থাপনা উচ্ছেদে

নিজস্ব প্রতিনিধি: জয়দেবপুর-টাঙ্গাইল-জামালপুর জাতীয় মহাসড়কের মির্জাপুর শহরের অংশে সড়ক-জনপদ ও সরকারি ভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেমেছে টাঙ্গাইল জেলা সড়ক বিভাগ।

মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের রেজা মো. গোলাম মাসুম প্রধানের সহায়তায় এই উচ্ছেদে অভিযান পরিচালিত হয়।

অভিযানে মির্জাপুর পৌর সদরের পুরাতন বাসস্ট্যান্ডে অবৈধভাবে গড়ে উঠা প্রায় শতাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান ও বহুতল ভবন ভেঙ্গে দেয়া হয়। তবে অভিযান চলাকালে মনজুর হোসেন, কবির আহমেদ, ফারুক আহমেদ, শিল্পী বেগম, হোটেল ব্যবসায়ী পরিতোষসহ অনেকেই তাদের জমির কাগজপত্র নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আকুতি মিনতি করতে দেখা যায়। অপরদিকে মহাসড়ক সংলগ্ল কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের অভ্যন্তরে সড়ক ও জনপদের ৩০ ফুট জায়গা থাকলেও তাদের নির্মিত দেয়াল কেন ভাঙ্গা হচ্ছেনা তা নিয়ে উপস্থিত অনেকেই প্রশ্ন তুলেন।

এর আগে সড়ক ও জনপদের বেদখল হওয়া জায়গা লাল দাগ দিয়ে চিহ্নিত করার পর অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নিতে মাইকিং করে সড়ক ও জনপদ বিভাগ কৃর্তপক্ষ।

এ বিষয়ে জেলা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. ইমরান ফারহান বলেন, মহাসড়কে যান চলাচল নির্বিঘœ করার উদ্দেশ্যে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে, এ উচ্ছেদ অব্যাহত থাকবে। তবে কুমুদিনীর ভিতরে থাকা জায়গার বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

টাঙ্গাইল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজা মো. গোলাম মাসুম প্রধান বলেন, শহরকে নিরাপদ সড়ক ব্যবস্থাপনার মধ্যে আনতে আমাদের এই অভিযান পরিচালিত হচ্ছে। তবে অনেকেই তাদের কাগজপত্র আমার কাছে নিয়ে আসতেছে কিন্তু এ ব্যাপারে এই মূহুর্তে আমার কিছু করার নেই।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version