নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য ছোট মনিরের বড় ভাই টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির ফাঁসির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইলের সচেতন নারী সমাজ।
শুক্রবার (৭ এপ্রিল) ১১ টার দিকে সচেতন নারী সমাজের ব্যানারে শহরের ভাসানী হলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা সদর রোড দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ নেতা বড় মনির নামে নানা ধরণের অশ্লীল স্লোগানসহ ফাঁসি দাবি করা হয়।
মানববন্ধনে নারী বক্তারা বলেন, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে এক কিশোরীকে অন্ত:স্বত্তা করার অভিযোগের দ্রুত তদন্ত করে তার ফাঁসি দাবি করেন। যদি তাদের ফাঁসি না দেওয়া হয় তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানিয়েছেন তারা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন, নারী নেত্রী তাহমিনা বেগম, কাকলী, শবনম আক্তার, হাসিনা বেগম, কলি আক্তার, রুনা লায়লা, আমিনা খাতুন, নার্গিস আক্তার, রহিমা বেগম প্রমুখ। এই বিক্ষোভ মিছিলে দুই শতাধিক নারী অংশ নেন। তবে তাদের কোন রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।
প্রকাশত প্রকাশ, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে বুধবার ৫ এপ্রিল রাতে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন অন্তঃসত্ত্বা এক কিশোরী।
এনিয়ে বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকালে ওই কিশোরী আদালতে দন্ডবিধির ২২ ধারায় জবানবন্দি দেয়। টাঙ্গাইলের প্রভাবশালী এমপি’র বড় ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে মামলা হওয়ায় জেলার রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

