নিজস্ব প্রতিনিধি: নিষেধাজ্ঞা অমান্য করে টাঙ্গাইলের নাগরপুরে ইলিশ মাছ শিকার ,বহন ও বিপনন বিরোধী অভিযানে ১০ মন ইলিশ মাছ ও দুই হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
এসময় ইলিশ মাছ শিকার করায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছ। পরে তাদের ১০ দিনের জেল দেওয়া হয়েছে। এছাড়া মাছ ক্রয়ের অপরাধে বিভিন্ন জনকে আট হাজার দুইশত টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার চর সলিমাবাদে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা শাহীন । এ অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুন নাহার অংশ নেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা শাহীন জানান, ইলিশ মাছের প্রজননের জন্য ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ শিকারে সরকারী নিষেধাজ্ঞা রয়েছে। এই সময়ে যদি কেউ সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ভাবে মাছ শিকার করে তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। নিষেধাজ্ঞার সময় পর্যন্ত প্রতিদিনই আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরোও জানান,জব্দকৃত মাছ উপজেলার বিভিন্ন এতিম খানায় বিলিয়ে দেওয়া হয়েছে এবং কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
