নিউজ টাঙ্গাইল ডেস্ক: করোনাভাইরাসের কল্যাণে টাঙ্গাইল জেলা কারাগার থেকে শনিবার আরো ৪৯ জন কয়েদীকে মুক্তি দেয়া হয়েছে। তুলনামূলকভাবে লঘু দণ্ডপ্রাপ্ত হওয়ায় তাদের মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়। এর আগে ১০ জনকে মুক্তি দেয়া হয়।
টাঙ্গাইল কারাগার সূত্র জানায়, করোনার কারণে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক টাঙ্গাইল কারাগারের ৭৭ জন কয়েদীর দণ্ড মওকুফ করা হয়। যাদের সাজার মেয়াদ এক মাস থেকে এক বছরের মধ্যে। তাদের মধ্যে আট জনের সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তারা আগেই মুক্তি পেয়েছেন। বাকি ৬৯ জনের মধ্যে ২০ জনের দণ্ড মওকুফ হলেও তারা জরিমানার টাকা পরিশোধ করতে পারেননি। তাই ওই ২০ জন মুক্তি পাননি। বাকি ৪৯ জনকে মুক্তি দেয়া হয় শনিবার বিকেলে।
টাঙ্গাইলের জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, করোনাভাইরাসের কারণে সরকার লঘু দণ্ডপ্রাপ্ত কয়েদীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। টাঙ্গাইল কারাগারের তিন শতাধিক লঘু দণ্ডপ্রাপ্ত কয়েদীর তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। সেখান থেকে তিন দফায় ৮৭ জনের দণ্ড মওকুফ করা হয়েছে।
উল্লেখ্য, টাঙ্গাইল জেলা কারাগারে বন্দি ধারণ ক্ষমতা ৪৬৭ জন। কিন্তু এখানে বন্দি রয়েছেন এক হাজার ১১১ জন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
