Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে কোয়াটার রনি গ্রেপ্তার

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলের একাধিক খুন ও অস্ত্র মামলার চিহ্নিত আসামি আতিকুর রহমান রনি ওরফে কোয়াটার রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেন।

রনি টাঙ্গাইল শহরের দেওলা এলাকার বেলায়েত হোসেনের ছেলে। তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানাসহ বিভিন্ন থানায় খুন, অস্ত্র ও ছিনতাইসহ ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিজ কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, রনি পুলিশের খাতায় চিহ্নিত সন্ত্রাসী। শনিবার (১৮ সেপ্টেম্বর) তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ সুপার বলেন, ২০১২ সালে কোয়াটার রনি ও তার সহযোগীদের বিরুদ্ধে টাঙ্গাইলের পিচুরিয়া এলাকা থেকে শামীম ও মামুনকে অপহরণের পর খুন করার অভিযোগে সদর থানায় মামলা দায়ের হয়। সেই মামলায় রনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। তার বিরুদ্ধে দুটি খুন, চারটি অস্ত্রসহ নয়টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

সম্প্রতি টাঙ্গাইল সদর থানায় দায়ের হওয়া ছিনতাই মামলারও আসামি রনি। সেই মামলায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ সুপার।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version