Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে খাদ্য সামগ্রী নিয়ে গরিবদের পাশে বিএনপি নেতা ফরহাদ ইকবাল

নিজস্ব প্রতিনিধি: মহামারি করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে ২ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তা হিসেবে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে টাঙ্গাইলে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে।

শুক্রবার (১৫ মে) দুপুরে টাঙ্গাইল সদর কাকুয়া ইউনিয়নে ৭৬ নং দেলধা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় ২ শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীতে প্রতি পরিবারের জন্য ছিলো ৫ কেজি চাল, ২ কেজি আলু ও ৫০০ গ্রাম ডাল ।

এ প্রসঙ্গে ফরহাদ ইকবাল বলেন, দেশের এ দুঃসময়ে ঘরে বসে থাকার সময় নাই, কিন্তু সরকারদলীয় বড় বড় নেতারা নিজেদের সুরক্ষায় ঘর থেকে বের হচ্ছে না। কিন্তু আমরা করোনা ভাইরাসটি প্রাণঘাতী জেনেও আপনাদের পাশে সামান্য কিছু উপহার সামগ্রী নিয়ে এসেছি।

তিনি আরোও বলেন, দেশের এই ক্রান্তিকালে টাঙ্গাইলের মানুষের পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত। আপনারা কোন ভয় ও হতাশ না হয়ে ঘরে থাকুন সতর্ক থাকুন। আমি সাধ্য মত আপনাদের পাশে আছি ও থাকব। যতদিন এই করোনা মহামারী থাকবে ততদিন অসহায় মানুসের পাশে থেকে আমার সাধ্য অনুযায়ী গরীব দুঃখীদের খাদ্য সহায়তা প্রদান করে যাবো।

খাদ্য সামগ্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবিদ হাসান ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, কাকুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহাদৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোনা উল্লাহ, ৫নং ওয়ার্ড এর সভাপতি মুজাম হাজী, ৩নং ওয়ার্ড এর সভাপতি নাসির উদ্দিন, ৭নং ওয়ার্ড এর সভাপতি ইয়াছিনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version