Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে গেস্ট হাউজে হাত-পা বেঁধে ছিনতাইয়ের অভিযোগ

News Tangail

নিউজ ডেস্ক: টাঙ্গাইলের করটিয়ায় খান কমিউনিটি সেন্টার এন্ড গেস্ট হাউজে দুই ব্যক্তিকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

শনিবার (২৫ ডিসেম্বর) সকালে সদর উপজেলার করটিয়া সাদত বাজারে গেস্ট হাউজটিতে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের মধ‌্যে সাদ্দাম হোসেন নামে এক ব‌্যক্তির পরিচয় মিলেছে। তিনি ময়মনসিংহের ফুলপুর উপজেলার তিতপুর গ্রামের ফজল হকের ছেলে। সাদ্দাম প্রাইভেটকার চালক। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

সাদ্দাম হোসেন বলেন, ‘‘আমি চালক হিসেবে ঢাকায় চাকরি করি। গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) নাজমুন নাহার ম্যাডাম করটিয়ায় উনার এক আত্মীয়ের বাসায় গাড়ি নিয়ে বেড়াতে আসেন। আমাকে খান কমিউনিটি সেন্টার এন্ড গেস্ট হাউজে থাকতে দেন।

‘শনিবার (২৬ ডিসেম্বর) সকালে এক ব্যক্তি এসে আমাকে একটি রুমে ডেকে নেয়। পরে আরও দুজন এসে আমার মুখে স্কচটেপ মেরে দেয়। তারা রশি দিয়ে আমার হাত-পা বেঁধে ফেলে। এসময় তারা ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে আমাকে একটি টয়লেটে আটকে রেখে তারা চলে যায়। এসময় আরও একজনকে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয় তারা। প্রায় দেড় ঘণ্টা পর এক ব্যক্তি এসে আমাকে উদ্ধার করেন।”

তিনি আরও বলেন, ‘এঘটনায় গেস্ট হাউজের কেউ জড়িত থাকতে পারে। শুনেছি তাদের সিসি ক্যামেরাও বন্ধ ছিল। বিষয়টি কর্তৃপক্ষকে জানালেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। তারা বিষয়টি কাউকে জানাতে নিষেধ করে।’

নাজমুন নাহার বলেন, ‘সাদ্দাম আমার ব্যক্তিগত প্রাইভেটকার চালক। সে ওই গেস্ট হাউজে রাত্রীযাপনের জন্য ছিল। শনিবার সকালে সাদ্দামকে ফোনে পাচ্ছিলাম না। একপর্যায়ে খোঁজ নিয়ে জানতে পারি ওই গেস্ট হাউজে সাদ্দামকে হাত-পা বেঁধে টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। একটি গেস্ট হাউজে এমন ঘটনা ঘটলে মানুষের নিরাপত্তা কোথায়?’

খান কমিউনিটি সেন্টার এন্ড গেস্ট হাউজের ম্যানেজার সম্রাট বলেন, ‘ঘটনার সময় আমি দায়িত্বে ছিলাম না। তখন আকাশ নামে আরেকজন দায়িত্বে ছিল। সকাল ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে। পরে তারা দুটি রুমে দুজনকে হাত-পা বেঁধে জিম্মি করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এসময় তারা সিসি ক্যামেরাও বন্ধ করে দেয়। বিষয়টি পুলিশকে অবগত করা হয়েছে কি না সেটা মালিক জানেন।’

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই। কেউ অভিযোগও দেয়নি। অভিযোগ দিলে ব‌্যবস্থা নেওয়া হবে।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version