নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা রাজাবাড়ী মোড়ে বিলবোর্ড টানানো নিয়ে এমপি ও চেয়ারম্যান সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, মঙ্গলবার এমপি সোহেল হাজারীর সমর্থকরা বিলবোর্ডটি টানানোর সময় উপজেলা চেয়ারম্যান উপস্থিত থেকে বিলবোর্ডটি খুলে ফেলেন। পরবর্তীতে বিকেলে পুনরায় ওই বিলবোর্ড টানান এমপি সমর্থকরা। এ সময় চেয়ারম্যান সমর্থকরা জানতে পেরে দু’গ্রুপের মধ্যে কথাকাটির সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কালিহাতী থানার ওসি (তদন্ত) মনসুর আলী আরিফ বলেন, উপজেলা চেয়ারম্যানের ছিঁড়ে যাওয়া বিলবোর্ডের স্থানে এমপির সৌজন্যে এলেঙ্গা-জামালপুর সড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্প একনেকে অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো বিলবোর্ডটি টানানো হয়। এ নিয়ে এমপির সমর্থিত লোকজন ও চেয়ারম্যানের সমর্থিত লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। এ বিষয়ে টাঙ্গাইল পুলিশ সুপারের পরামর্শ অনুযায়ী সমাধান না হওয়া পর্যন্ত উভয়পক্ষকে ব্যানার না টানানোর অনুরোধ জানানো হয়েছে।

