Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে জমে উঠেছে পুনাক শিল্প মেলা

নিউজ ডেস্ক: টাঙ্গাইলে জমে উঠেছে পুনাক শিল্প মেলা। প্রতিদিন জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার বিনোদনপ্রেমী মানুষ তাদের প্রিয়জনদের নিয়ে ছুটে আসছেন মেলায়। আগতদের দাবি প্রতিবছর এমন আয়োজন হোক। এদিকে আয়োজকরাও ক্রেতাসমাগমে সন্তুষ্টি প্রকাশ করে সামনের দিনগুলোতে আরও লোকসমাগম বাড়ার আশা করছেন।

প্রতিদিন দুপুর গড়িয়ে বিকেল নামতেই নানা বয়সী নারী-পুরুষে মুখরিত হতে শুরু করে মেলা প্রাঙ্গণ। রাতের ঝলমলে আলোয় সৌন্দর্যের মাত্রা যেন আরও কয়েকগুণ বেড়ে যায়। পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটানোর পাশাপাশি প্রয়োজনীয় জিনিস কিনতে পেরে আগতরা সন্তুষ্ট।

এদিকে মেলায় আগত লোকসমাগমে খুশি দোকানিরা। বিক্রি ভালো হওয়ায় লাভের আশা করছেন তারা। তারা বলছেন, প্রথম দিকে বিক্রি কম থাকলেও দিন দিন বিক্রি বৃদ্ধি পাচ্ছে।

টাঙ্গাইল জেলা পরিষদ মাঠে গত ২৮ আগস্ট শুরু হওয়া এ পুনাক শিল্প মেলা চলবে মাসজুড়ে। মেলা শুরুর দিকে লোকসমাগম কিছুটা কম থাকলেও দিন যতই বাড়ছে লোকসমাগম যেন ততই বৃদ্ধি পাচ্ছে। সরকারি ছুটির দিনে লোকসমাগমের মাত্রা প্রতিদিনের তুলনায় কয়েকগুণ বৃদ্ধি পায়। কর্তৃপক্ষ ক্রেতাদের আকৃষ্ট করতে শতাধিক স্টল বসিয়েছেন।

মেলায় চুড়ি, মালা বিভিন্ন প্রসাধনীর দোকানের পাশাপাশি মোয়া-মুরকিসহ বিভিন্ন মুখরোচক খাবারের পসরা সাজিয়ে রেখেছেন দোকানিরা। শিশুদের আনন্দ দিতে রয়েছে নাগরদোলা, ইলেকট্রিক নৌকা, ভূতের বাড়িসহ নানা ধরনের রাইড।

টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছালাম বলেন, মেলায় আগত মানুষের সমাগমে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য নিয়মিত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

আয়োজক কমিটির ম্যানেজার শহিদুর রহমান জানান, দিন যতই বাড়ছে ততই লোকসমাগম বৃদ্ধি পাচ্ছে। সামনের দিনগুলো আরও জমজমাট হওয়ার আশা করছেন তিনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version