নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইল জেলা প্রশাসকের গাড়ির চুরি করে নিয়ে যাওয়ার সময় এক চোরকে আটক করেছে পুলিশ। আজ রোবিবার (১৭ডিসেম্বর) সন্ধায় টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠ থেকে তাকে আটক করা হয়। তবে চোরের নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধায় ঈদগাঁহ মাঠের দ্বিতীয় গেটে একটি সাদা রঙের পাজারো গাড়ি দ্রুত গতিতে চালিয়ে এসে ব্রেক করার পর গাড়িটি বন্ধ হয়ে যায়। একাধিকবার গাড়িটি চালু করার চেষ্টা করলে ঐ ব্যক্তি গাড়িটি চালু করতে পারিনি। পরে প্রশাসনের গাড়ি দেখে সন্দেহ হলে স্থানীয়ারা পাশের র্যাব অফিসে খবর দেয়। পরে র্যাব অফিস বিষয়টি টাঙ্গাইল মডেল থানায় অবগত করে। টাঙ্গাইল মডেল থানা থেকে পুলিশ এসে গাড়ির গেট খুলে চোরকে আটক করে। ওই চোরের শরীরে পরনের কোন কাপড় ছিলো না।
টাঙ্গাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোরাদুজ্জামান বলেন, আমি টাঙ্গাইল মডেল থানার ইমারজেন্সি ডিউটি করার সময় খবর পেয়ে ঈদগাঁহ মাঠে আসার পর সাদা রঙের গাড়ির ভিতরে স্টেয়ারিং এ খালি শরীরে বসা এ ব্যক্তি দেখতে পাই। পরে তাকে আমরা আটক করি।
তিনি আর বলেন, এখানে আসার পর স্থানীয়রা আমাকে জানায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে নিয়ে আসার পর হঠাৎ করে ঈদগাঁহ মাঠের গেটে গাড়িটি বন্ধ হয়ে যায়। ওই চালক একাধিকবার গাড়ি চালু করার চেষ্টা করলে চালু করতে ব্যর্থ হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে । আটককৃত ব্যক্তি শারীরিকভাবে অসুস্থ। জিজ্ঞাসাবাদের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জেলা প্রশাসকের সহকারি নাজির জয়নাল আবেদীন খান বলেন, গাড়ীটি অব্যবহৃত অবস্থায় প্রায় ১ মাস যাবৎ সার্টিক হাউজের ভিতরের ডিসি পরিবহন পুলে পার্কিং অবস্থায় ছিল। তবে গাড়ির চাবিটি ৪দিন আগে থেকে পাওয়া যাচ্ছিল না। গাড়িটি ডিসি স্যারের ব্যবহৃত গাড়ি ছিলো। তবে এটি ডিসি স্যার ছাড়াও অনেকেই ব্যবহার করতেন।
এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেসার উদ্দিন জুয়েল বলেন, উদ্ধারকৃত এলাকা পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িত ও দায়িত্ব অবহেলাকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। গাড়িটি অন্য গাড়ি দিয়ে টেনে নিয়ে সার্কিট হাউজে ডিসি পরিবহন পুলে রাখা হয়েছে বলে তিনি জানান।

