নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে জ্বর,শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। তার পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। তাঁর মৃত্যুর পর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল।
টাঙ্গাইলের সিভিল সার্জন মো. ওয়াহিদুজ্জামান আজ শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
জ্বর,শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া জাহাঙ্গীর আলম (৫৫) গোপালপুর উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এবং টাঙ্গাইল জেলা পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন।তিনি গত সোমবার মারা যান। পরে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম তাঁর নমুনা সংগ্রহ করেন।পরে বিশেষ ব্যবস্থায় গোপালপুরের মাকুল্লা গ্রামের কবরস্থানে দাফন করা হয় এবং বাড়ি লকডাউন করা হয়।
এ ছাড়া টাঙ্গাইলে মোট ১৮৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ৯৬ জনের পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এতে মির্জাপুর উপজেলার একজন করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি নারায়ণগঞ্জে একটি ক্লিনিকে চাকরি করতেন। বর্তমানে তিনি ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকি ৯৫ জনের পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
