Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে তৃতীয় লিঙ্গের মেধাবী সামীইয়ার দায়িত্ব নিলেন ডিসি

নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের জেলা প্রশাসক তৃতীয় লিঙ্গের মেধাবী সামীইয়াকে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন। বুধবার বিকালে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার তার কার্যালয় থেকে এ সহযোগিতা প্রদান করেন। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার সামীইয়া সামী রানার জন্যে জেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার হাত সবসময় প্রসারিত থাকবে বলে প্রতিশ্রুতি দেন ও তার সাফল্য ও মঙ্গল কামনা করেন।

জানা যায়, টাঙ্গাইল জেলার সদর উপজেলার ট্রান্সজেন্ডার (তৃতীয় লিঙ্গ) কমিউনিটির সদস্য মেধাবী সামীইয়া সামী রানা টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের কাছে তার দুঃখ-দুর্দশার কথা জানাতে আসেন।

সামীইয়া অত্যন্ত মেধার সঙ্গে বিগত ২০১২ সালে প্রাইমারি স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষায় জিপিএ-৫, বিগত ২০১৫ সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) তে জিপিএ-৫, বিগত ২০১৮ সালে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) তে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৪.৬৭ এবং বিগত ২০২০ সালে হাইয়ার স্কুল সার্টিফিকেট (এইচএসসি) তে মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে পাস করেছেন। সামীইয়া পিতৃহারা অত্যন্ত দরিদ্র ও হিজড়া সম্প্রদায়ের হওয়ায় সামাজিক কোনো ধরনের সাহায্য সহযোগিতা ও জীবিকা নির্বাহের জন্যে কাজ না পাওয়ায় তার জীবনে দুর্বিষসহ যন্ত্রণা নেমে এসেছে। তার হতদরিদ্র অসুস্থ মায়ের সঙ্গে সংসারের খরচ চালানো সামীর জন্য হয়ে পড়েছে অসম্ভব।

মেধাবী সামীইয়া সামী রানার কথা শুনে টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, মেধাবী এই মানুষটির উজ্জ্বল ভবিষ্যৎ যেন অর্থ ও যথোপযুক্ত কাজের অভাবে কোনোভাবেই প্রতিবন্ধকতার শিকার না হয়, সে লক্ষ্যে সামীর চাওয়া অনুযায়ী সেলাই মেশিন কেনার জন্যে তাৎক্ষণিকভাবে তার হাতে কিছু অর্থ তুলে দেয়া হয়েছে।

এ ছাড়াও জেলা সমাজ সেবা কর্মকর্তাকে সামীইয়ার সমস্যা সমাধানের জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version