নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের মির্জাপুরে তেলবাহী একটি ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হয়ে গেছে। সোমবার (২০ জুন) বিকেল আনুমানিক সাড়ে ৬টার দিকে মির্জাপুর রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বিকেলে একটি তেলবাহী ট্রেন ২৪টি বগি নিয়ে চট্টগ্রাম থেকে রংপুরের দিকে যাচ্ছিল। এ সময় ট্রেনটি মির্জাপুর রেল স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনটির ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়ে পাশে পড়ে যায়।
এ প্রসঙ্গে মহেড়া রেল স্টেশন মাস্টার মো. শাহীন বলেন, ৯৮১ নম্বর তেলবাহী ট্রেনটির ইঞ্জিন ও একটি তেলের বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। লাইনচ্যুতির কারণে মেইন লাইনে কোনো সমস্যা হয়নি, এজন্য রেল চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
মির্জাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান, তেলবাহী ট্রেনটি খুব সম্ভবত ব্রেকে সমস্যার কারণে লাইনচ্যুত হয়েছে। মেইন লাইন সচল থাকায় রেল চলাচল স্বাভাবিক রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এখনও ট্রেনটির উদ্ধারকাজ শুরু হয়নি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
