- নিজস্ব প্রতিবেদক, নিউজ টাঙ্গাইল: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সুমন আকন্দ (৪০) নামে এক সদস্যকে টাঙ্গাইলে পাঁচ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সুমন আকন্দ (৪০) বরিশাল জেলার কতোয়ালি থানার কাওয়ার চর গ্রামের মকবুল আকন্দের ছেলে।
সোমবার (৩০ মে) বিকালে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের ওই রায় দেন। এছাড়াও ৫ হাজার জরিমানা করে আদালত। সেইসাথে অনাদায়ে আরও ৫ মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়।
টাঙ্গাইলের সরকারি কৌশুলী (পিপি) এস আকবর খান জানান, ২০১৯ সালের ৩১ আগস্ট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) টাঙ্গাইল শহরতলীর নগরজলফৈ এলাকায় চেক পোস্ট স্থাপন করে। সুমন আকন্দ ওই চেক পোস্টের কাছে আসার পর তাকে তল্লাশির জন্য র্যাব সদস্যরা সংকেত দেয়।
এ সময় তিনি দৌঁড়ে পালানোর চেষ্টা করলে র্যাব তাকে আটক করে। তার ব্যাগ থেকে চারটি জিহাদি বই, একটি স্টিলের ছুরি, একটি চাকু, লোহার বাটালসহ কিছু দেশীয় অস্ত্র ও মেকানিক্যাল যন্ত্রপাতি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জেএমবির সদস্য বলে স্বীকার করেন।
দন্ডিত সুমন ঢাকার রামপুরা এলাকায় অবস্থান করে জঙ্গীবাদের বিভিন্ন কর্মকান্ডে যুক্ত ছিলেন। নাশকতার উদ্দেশ্যে টাঙ্গাইল এসেছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানান। ওই দিনই র্যাব-১২ এর সিপিসি-৩ টাঙ্গাইলের তৎকালীন কোম্পানীর উপ-সহকারী পরিচালক নাজিম উদ্দিন বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে সুমন আকন্দকে আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন।
এ মামলার তদন্ত শেষে টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) মোহাম্মদ ওয়াজেদ আলী ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন। রায় ঘোষণার সময় দন্ডিত সুমন আকন্দকে কারাগার থেকে আদালতে আনা হয়। পরে তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।

