Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে পাঁচ ইউপি চেয়ারম্যান সহ সাত নেতা বিএনপি থেকে বহিষ্কৃৃত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলে ধানের শীষ প্রতীকে নির্বাচিত পাঁচ ইউপি চেয়ারম্যানসহ সাত নেতাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এসংক্রান্ত পত্র গত ১ মার্চ ডাকযোগে তাঁদের কাছে পাঠানো হয়েছে।

পত্রে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিকুল ইসলাম ভূঞা বুলবুল এবং সাধারণ সম্পাদক আ খ ম রেজাউল করিমের স্বাক্ষর রয়েছে। আর বিষয়টি জানাজানি হয়েছে গত শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায়।

বহিষ্কৃতরা হলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জামুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইখলাক হোসেন খান শামীম, উপজেলা বিএনপির সদস্য ও দিঘলকান্দি ইউপির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, দিগড় ইউনিয়ন বিএনপির সভাপতি ও দিগড় ইউপির চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, উপজেলা বিএনপির সদস্য ও সন্ধানপুর ইউপির চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, ধলাপাড়া ইউপির চেয়ারম্যান এজহারুল ইসলাম মিঠু ভূঁইয়া, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও দিঘলকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান শাহিনুর রহমান শাহীন এবং উপজেলা বিএনপির সদস্য ও দেউলাবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান মো. সোহরাব হোসেন।

এর মধ্যে দিগড় ইউনিয়ন বিএনপির সভাপতি ও দিগড় ইউপির চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন ঘোড়া প্রতীক নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হয়েছেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে ধানের শীষ প্রতীকে নির্বাচিত পাঁচ চেয়ারম্যান এবং সাবেক দুই চেয়ারম্যান আওয়ামী লীগে যোগ দেন। দলীয় গঠনতন্ত্র এবং শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে চলতি বছরের ১২ জানুয়ারি তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় গত ৭ ফেব্রুয়ারি উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটি এবং উপদেষ্টামণ্ডলীর সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাঁদের প্রাথমিক সদস্য পদসহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়’

তিনি বলেন, ‘দলের সিদ্ধান্ত মোতাবেক গত ১ মার্চ তাঁদের বহিষ্কার আদেশের পত্র ডাকযোগে পাঠানো হয়েছে। বিষয়টি পত্র দিয়ে জেলা বিএনপিকেও জানানো হয়েছে।’

বহিষ্কৃৃতরা পত্রপ্রাপ্তির কথা স্বীকার করলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

প্রসঙ্গত, এই বিষয়ে সংবাদ মাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হলে উপজেলা বিএনপির পক্ষ থেকে উল্লিখিত নেতাদের প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া এবং পরে বহিষ্কার করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version