নিজস্ব প্রতিনিধি:টাঙ্গাইল সদর উপজেলার রূপসী যাত্রা ও কালিহাতী উপজেলার রাজাবাড়ী নামক স্থানে আলাদা অভিযান চালিয়ে ১৫২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩১০ গ্রাম হেরোইন সহ তিন মাদক কারবারীকে আটক করেছে র্যাব।
গতকাল মঙ্গলবার দুপুরে র্যাব-১২’র সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
১৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটককৃতরা হচ্ছেন- টাঙ্গাইল সদর উপজেলার রূপসী যাত্রা গ্রামের মৃত লুৎফর মিয়ার ছেলে মো. শফিকুল ইসলাম (৩৮) ও দেলদুয়ার উপজেলার বেতরাইল গ্রামের মো. শহীদুল মিয়ার ছেলে মো. লুৎফর মিয়া (৩৪)। ৩১০ গ্রাম হেরোইনসহ আটককৃত ঢাকা জেলার সাভার উপজেলার বাড্ডা সাকিনের মো. চান্দু শেখের ছেলে মো. নান্নু শেখ (৩৫)।
র্যাব-১২’র সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান জানান, গোপনে খবর পেয়ে তিনি ও কোম্পানীর স্কোয়াড কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার (২৪ মে) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার রূপসী যাত্রা গ্রামে অভিযান চালান।
অভিযানে ১৫২ পিস ইয়াবা ট্যাবলেট, দুইটি সিম কার্ড ও নগদ দুই হাজার ৬০ টাকা সহ উল্লেখিত দুই মাদক কারবারীকে আটক করেন। অপরদিকে, র্যাবের একই টিম গোপনে খবর পেয়ে মঙ্গলবার(২৪ মে) ভোর ৪ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে কালিহাতী উপজেলার রাজাবাড়ী নামক স্থানে অভিযান চালায়।
অভিযানে ৩১০ গ্রাম হেরোইন সহ মো. নান্নু শেখকে আটক করা হয়। জব্দকৃত হেরোইনের বাজার মূল্য প্রায় ৩১ লাখ টাকা। এ সময় তার কাছ থেকে দুইটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
র্যাব কমান্ডার আরও জানান, আটককৃতদের নামে টাঙ্গাইল সদর ও কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

