Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে প্রশ্নপত্রের ছবি তুলে কেন্দ্রের বাইরে সরবরাহ; দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে মোবাইলে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে সরবরাহ করার দায়ে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভেনুতে এসএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় পরীক্ষায় (আইসিটি) এ ঘটনা ঘটে। এছাড়াও দায়িত্বে অবহেলার দায়ে দুইজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

অভিযুক্ত শিক্ষার্থীরা হল, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তামজিদ আল ইসলাম তনয় ও উপজেলার ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুজয় সরকার।

অব্যাহতিপ্রাপ্ত দুই শিক্ষক হলেন, বাগবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম ও তালুকদার সিরাজ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল বারি।

ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মোহাম্মদ মহী উদ্দিন বলেন, ‘ওই দুইজন শিক্ষার্থী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় পরীক্ষার প্রশ্নপত্র মোবাইলে তুলে তা বাইরে সরবরাহ করে। তাদের ব্যবহৃত মোবাইলে প্রশ্নপত্র পাওয়া যায়। পরে তাদের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দিয়ে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশিদুল ইসলাম বলেন, ‘দুই শিক্ষার্থীকে আইসিটি মামলায় আটক করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version